রাজস্থলীতে শ্মশানের পাশে পড়ে ছিল নবজাতক কন্যা, পথচারীর মানবিকতায় উদ্ধার

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলা-র বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায় শ্মশানের পাশে পড়ে থাকা অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া নামক হিন্দুপাড়া শ্মশানসংলগ্ন স্থানে রক্তমাখা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয় এক নারী। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকটিকে পড়ে থাকতে দেখে মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য শিমুল দে জানান, বর্তমানে নবজাতকটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধ্যা রানীর তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটির পরিচর্যা ও দেখভাল করছেন। তিনি বলেন, “এভাবে একটি নবজাতককে শ্মশানের পাশে ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ভাগ্যক্রমে শিশুটি জীবিত উদ্ধার হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রঘোনা থানা-র ওসি মো. শাকের আহমেদ বলেন, এখনো পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং অভিভাবকের খোঁজে চেষ্টা অব্যাহত রয়েছে। প্রশাসন ও স্থানীয়রা আশা করছেন, দ্রুত শিশুটির পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ও মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।