
মানিকগঞ্জ প্রতিনিধি
মোঃ ইমরুল হাসান হিমেলঃ
বর্ষা পুরোপুরি শুরু হওয়ার আগেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালচী পদ্মারপাড় এলাকায় আবারও ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। এতে করে কোটি টাকার জিওব্যাগ, সরকারি-বেসরকারি স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয়—মসজিদ ও মন্দির হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত অস্থায়ী বাঁধের জিওব্যাগগুলো ইতোমধ্যেই ধসে পড়তে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও বর্ষার আগমনী স্রোতেই ভাঙনের তীব্রতা বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এলাকাবাসীরা জানান, অস্থায়ীভাবে জিওব্যাগ ফেলে প্রতিবছর কিছুটা সময়ের জন্য ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী কোনো সমাধান না থাকায় সমস্যাটি বারবার ফিরে আসছে। তারা দ্রুত একটি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, “আমাদের জীবিকা, বসতভিটা এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। জিওব্যাগ নয়, স্থায়ী সমাধান চাই। বিশেষজ্ঞদের মতে, পদ্মা নদীর প্রবল স্রোত, তলদেশের পরিবর্তন এবং অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে প্রতিবছরই ভাঙনের ঝুঁকি বাড়ছে। দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ নির্মাণ এবং নদী ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।এ বিষয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। এছাড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, ভাঙনরোধে তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হচ্ছে।





