
আহমদ বিলাল খান :
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে পাহাড়ি এলাকায় মসলা উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। কর্মশালায় মসলার উন্নত জাত নির্বাচন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুর আলম এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ। তারা অংশগ্রহণকারী কৃষকদের মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে মসলা চাষের প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে আবাদি জমি কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলের অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় এনে মসলা উৎপাদন বাড়ানো সময়ের দাবি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা সহজেই অধিক ফলন পেতে পারেন। তারা আরও বলেন, পাহাড়ি এলাকায় এক ইঞ্চি জমিও অনাবাদি না রেখে পরিকল্পিতভাবে মসলা চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পাহাড়ে টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





