⚽ দীর্ঘ তিন বছর পর মাঠে ফিরল রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মোঃ এম আর চৌধুরী রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি, ২৮ মার্চ (শনিবার): দীর্ঘ তিন বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় চিংহ্লা মং মারী স্টেডিয়াম মাঠে। নকআউট পদ্ধতিতে আয়োজিত খেলায় কাপ্তাই উপজেলা দল ও নানিয়ারচর উপজেলা দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে অবতীর্ণ হয়। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ১–১। পরবর্তীতে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৩–১ ব্যবধানে জয় তুলে নেয় কাপ্তাই উপজেলা দল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি), অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। পাশাপাশি রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে শিগগিরই একটি মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।