ঈদের তৃতীয় দিনেও কাপ্তাইয়ে পর্যটকের ঢল, রিসোর্টগুলোতে তিল ধারণের ঠাঁই নেই

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি |

২৩ মার্চ পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় অব্যাহত রয়েছে। ঈদের তৃতীয় দিন সোমবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো কাপ্তাই পর্যটন এলাকা। সকাল থেকেই কাপ্তাই লেক, কর্ণফুলী নদী সংলগ্ন নৌভ্রমণ এলাকা, ভিউ পয়েন্টসহ বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা যায় পর্যটকদের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে আনন্দঘন সময় কাটাতে ব্যস্ত ছিলেন আগত দর্শনার্থীরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে,

0-0x0-0-0#

উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো—নিসর্গ রিভার ভ্যালি, ওয়াগ্গা প্যানোরমা জুম রেস্তোরাঁ, পাহাড়িকা পিকনিক স্পট, শহীদ মোয়াজ্জেম নৌঘাটি, লেক ভিউ, লেকশোর ও রিভার ভিউ পার্কে ছিল পর্যটকদের উপচে পড়া উপস্থিতি। নিসর্গ রিভার ভ্যালি পড হাউসের সব কটেজ আগেই বুকিং হয়ে যায়, ফলে নতুন করে কোনো কক্ষ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এছাড়া বাঁশের কারুকাজে নির্মিত নিসর্গ রেস্টুরেন্ট ও কাপ্তাই জুম রেস্তোরাঁয় খাবারের স্বাদ নিতে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। শিশুদের জন্য জুম রিসোর্টের পার্কেও ছিল উৎসবমুখর পরিবেশ। অন্যদিকে, কাপ্তাই লেকে নৌভ্রমণ ও হাউসবোট ভ্রমণেও বেড়েছে পর্যটকদের আগ্রহ। অনেককে কায়াকিংসহ বিভিন্ন জলভিত্তিক বিনোদনে অংশ নিতে দেখা গেছে। পর্যটকদের চাপ বাড়ায় সড়কের পাশে সারিবদ্ধ ভাবে সিএনজি ও ব্যক্তিগত যানবাহন পার্কিং করতে দেখা গেছে। এতে কিছু কিছু এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও স্থানীয় পরিবহন চালকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও করেছেন কয়েকজন পর্যটক। চট্টগ্রাম থেকে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য কাপ্তাই আমাদের কাছে সবসময়ই আকর্ষণীয়। তবে আগে থেকে বুকিং না থাকায় অনেকেই আবাসন সংকটে পড়ছেন। রিসোর্ট ও পর্যটন কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, ঈদের আগেই অনলাইন ও ফোনের মাধ্যমে অধিকাংশ বুকিং সম্পন্ন হয়ে যায়। দীর্ঘ এক মাস রমজানে ব্যবসা কম থাকার পর ঈদের ছুটিতে পর্যটকের এই ঢল তাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, টানা কয়েকদিনের পর্যটকের এই চাপ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। খাবারের দোকান, নৌকা ভাড়া, পরিবহনসহ বিভিন্ন খাতে সৃষ্টি হয়েছে বাড়তি আয়ের সুযোগ। সব মিলিয়ে বলা যায়, ঈদের তৃতীয় দিনেও কাপ্তাই পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল পর্যটন নগরীতে, যেখানে প্রকৃতি আর মানুষের মিলনমেলায় মুখরিত পুরো এলাকা।