
চৌধুরী মুহাম্মদ রিপন:
পারলৌকিক শান্তি ও জগতের সকল জীবের মঙ্গল কামনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জানুয়ারি (শুক্রবার) সকালে পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যার নিজ বাসভবনে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং পরিবারবর্গের সহযোগিতায় এ পুণ্যময় দানানুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তাঁর স্বর্গীয় মাতা-পিতা ও প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার সদ্গতি কামনায় এ ধর্মীয় আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে সংঘদান ও অষ্টপরিষ্কার দান করা হয়। এ সময় উপস্থিত ভিক্ষুগণ বুদ্ধের বাণী প্রচার করেন এবং দানধর্মের তাৎপর্য ও মানবজীবনে এর গুরুত্ব নিয়ে হিতোপদেশ প্রদান করেন। পরে প্রয়াত আত্মাদের শান্তি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং পঞ্চশীল গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা বলেন, আমার স্বর্গীয় মাতা-পিতা ও প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি এবং সকল মানুষের মঙ্গল কামনায় এই ক্ষুদ্র আয়োজন। বুদ্ধের শিক্ষা অনুযায়ী দান মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ইচ্ছা তাঁর রয়েছে। অনুষ্ঠানটি শান্ত ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। এতে স্থানীয় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে আয়োজক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।





