কাপ্তাইয়ে খেলাফত মজলিস প্রার্থী আবু বকর সিদ্দিকের ব্যাপক গণসংযোগ ও পথসভা

কাপ্তাই প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকের সমর্থনে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কাপ্তাই উপজেলার কেপিএম, কলাবাগান, সিনেমা হল এলাকা, রেশম বাগান, সেগুন বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। গণসংযোগ চলাকালে প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। একপর্যায়ে গণসংযোগটি বিশাল মিছিলে রূপ নেয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলমান লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা।
তিনি আরও বলেন, “জনগণের সমর্থন পেলে রাঙ্গামাটিকে একটি বৈষম্যহীন, কল্যাণমূলক ও ন্যায়ভিত্তিক অঞ্চলে পরিণত করা হবে।
নেতাকর্মীদের উপস্থিতি গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ,
চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাওলানা লোকমান আহমেদ, কেপিএম এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ১০ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, তারুণ্যের প্রথম ভোট হোক সত্য ও ন্যায়ের পক্ষে—এই প্রত্যয় নিয়ে একটি বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।