
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা–সাপছড়ি বৌদ্ধ বিহারে আজ সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শীর্ষস্থানীয় ভিক্ষু ও ধর্মীয় নেতৃবৃন্দ এক শুভেচ্ছা পরিদর্শনে মিলিত হন। বিশিষ্ট ধর্মীয় গুরুদের আগমনে বিহার প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপ-সংঘনায়ক ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভদন্ত বুদ্ধদত্ত মহাথেরো এবং সংঘরাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মালঙ্কার ভিক্ষু। সকালে পার্বত্য ভিক্ষু সংঘের শীর্ষ নেতৃবৃন্দ সাপছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পৌঁছালে বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা ও তাঁর সহধর্মিণী তাঁদের পুষ্পমাল্য অর্পণসহ ধর্মীয় রীতিতে যথাযথ মর্যাদায় বরণ করে নেন। এ সময় শীর্ষ ভিক্ষুগণ বিহারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং আবাসিক ভিক্ষু ও বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যার সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য এবং বিহারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ওয়াগ্গা–সাপছড়ি বৌদ্ধ বিহারের উন্নয়ন কার্যক্রম ও ধর্মীয় চর্চার ধারাকে আরও গতিশীল করতে শীর্ষ ভিক্ষুদের এ পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরিশেষে বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে পার্বত্য ভিক্ষু সংঘের শীর্ষ নেতৃবৃন্দ সাপছড়ি বৌদ্ধ বিহার ত্যাগ করেন।





