রাজস্থলী ও কাপ্তাইয়ে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও পথসভা

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীনের সমর্থনে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী রাজস্থলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়। আলহাজ্ব জসিম উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজস্থলী উপজেলা সদর বাজার, শফিপুর, ইসলামপুর ও বাঙালহালিয়া বাজার এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগ কর্মসূচি একপর্যায়ে বিশাল মিছিলে রূপ নেয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মাদ জসিম উদ্দীন বলেন,
আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। আমাদের মূল লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ব্যবস্থা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পাহাড়ি অঞ্চলের তরুণদের বেকারত্ব দূর করতে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উন্নয়নের নামে চলমান লুটপাট ও দুর্নীতি বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, জনগণ যদি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন, তবে পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাজস্থলী ও কাপ্তাইয়ে নেতৃবৃন্দের উপস্থিতি
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সাধারণ সম্পাদক ও নির্বাচনী সমন্বয়ক মাওলানা ওমর ফারুক, রাজস্থলী উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল করীম, কাপ্তাই উপজেলা সভাপতি মোঃ আবুল হাসেম, নির্বাচনী আহ্বায়ক এনামুল হক বাচ্চু, কাপ্তাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদসহ দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে প্রকৃত পরিবর্তন আনতে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীনকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।