
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
মায়ের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপ, কর্ণফুলী সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বড়ইছড়ি জগন্নাথ মন্দির, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এবং বিএসপিআই পূজা মণ্ডপসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা পরিষদের আয়োজনে সকালে গীতাপাঠ এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





