হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল-ফিল্টার উপহার দিলেন অজিত কুমার তনচংগ্যা র পরিবার

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল। শিশুদের প্রতি এমন মানবিক ভাবনা থেকেই রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল ও বিশুদ্ধ পানির ফিল্টার উপহার দিয়েছেন সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা র পরিবার। তাঁর পরিবারের পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয় তিনি আমাদের প্রতিনিধিকে জানান।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল ও পানি বিশুদ্ধকরণ ফিল্টার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষময় তনচংগ্যা, সহকারী শিক্ষক উমা চাকমা, জয়ন্তী তনচংগ্যা, সূর্য্যসেন তনচংগ্যা, ঝরণা তনচংগ্যা ও শান্ত তনচংগ্যা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং তাদের মধ্যে মননশীল ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস। আজকের এই উপহার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। শিশুরা যেন আনন্দের সঙ্গে খেলাধুলা করতে পারে এবং নিরাপদ পানি পান করতে পারে, সেটিই তাঁর প্রত্যাশা।

শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অজিত কুমার তনচংগ্যা চলতি বছরজুড়ে ওয়াগ্গা ইউনিয়নের বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। এর মধ্যে বিভিন্ন ক্লাব ও বিদ্যালয়ে ফুটবল এবং জার্সি বিতরণ উল্লেখযোগ্য।

তাঁর এ উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় শিশু-কিশোরদের নিয়মিত মাঠে আসতে উৎসাহিত করা, খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলা।

সমাজসেবামূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন অজিত কুমার তনচংগ্যা। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বৌদ্ধবিহার, শ্মশানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন তিনি। তিনি বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি এবং ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এমন উপহার শুধু তাৎক্ষণিক প্রয়োজন পূরণেই ভূমিকা রাখে না, বরং শিশুদের প্রতি সমাজের দায়িত্ববোধ ও মানবিক সহযোগিতার দৃষ্টান্ত তৈরি করে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নতুন প্রজন্ম খেলাধুলায় আরও আগ্রহী হবে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে উৎসাহ পাবে।