বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, মেলা ও সভা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি)

বিলাইছড়িতে নতুন উদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা (বিজ্ঞান মেলা) এবং স্থল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিসি)-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
পরে হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, নকিব হোসেন, মান্না বিশ্বাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এডিসন চাকমা, রিবেং চাকমা, বিশ্ব বাবু চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসের অজয় কুমার বড়ুয়া এবং শিক্ষার্থী তীর্থ ঘোষসহ আরও অনেকে। মেলায় পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং, ডিএসি ও পরিকল্পিত গ্রাম বিষয়ক প্রদর্শনী উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণ করে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বক্তারা স্টার্টআপ, বিজ্ঞান, ইনোভেশন আইডিয়া এবং শোকেসিং বিষয়ে গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।