৩ পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প: কাপ্তাইয়ে মুরগি পালন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

সরকারের “৩টি পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় মুরগি পালনকে কেন্দ্র করে এলএফজি র সদস্যদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “আমি সেই শক্তি, আমি সেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাপ্তাই-এর উদ্যোগে রাইখালী নারাণগিরি অফিস হলরুমে বুধবার মুরগি পালন বিষয়ে ২৫ জন এলএফজি সদস্যের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চিংহ্লউ মারমা র সঞ্চালনায় কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ড. এনামুল হক হাজারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জেন ডা. রবিউল ইসলাম, ডা. শরিফুল হক, উপ-সহকারী অমল বড়ুয়া। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মুরগি পালনের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ ও মুরগি র ঘর প্রধান অতিথি মো. রায়হানুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী জানান, আগামীকাল ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ৩০টি করে মোট ৭৫০টি ব্রয়লার মুরগি বিতরণ করা হবে। তিন বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারী ২৫ জন খামারি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।