
রাঙামাটি প্রতিনিধি:
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি শান্তি, সম্প্রীতি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার মন্ত্রিত্বের দায়িত্ব থেকে পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন। তিনি পাহাড়ি-বাঙালিসহ সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে আইন-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম সবার এবং এ অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার। তিনি পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পোস্টে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বিএনপিই তার রাজনৈতিক আদর্শের ঠিকানা এবং জীবনের অবশিষ্ট সময় দল ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি আরও বলেন, ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।





