
রিয়াজ উদ্দিন আকাশ, কাপ্তাই প্রতিনিধি:
“প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (৫ জুন) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি), খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা চত্বর থেকে ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাইয়ের প্রধান প্রধান সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা পরিষদের “কিন্নরী হল” কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা সঞ্চালনা করেন। খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খেয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভাপতির বক্তব্যে ডা. প্রবীর খেয়াং বলেন, “সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ জীবন সম্ভব নয়। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। বন, পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার কোনো বিকল্প নেই। এসময় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিএইচপি), খ্রীষ্টিয়ান হাসপাতালের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পৃথিবী গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





