
রিয়াজ উদ্দিন আকাশ, কাপ্তাইঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে দুর্ঘটনা মোকাবেলায় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেছে রাঙামাটি জেলা সড়ক ও জনপথ বিভাগ।রোববার (২৪ মে) সকালে চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় বিলবোর্ড স্থাপন ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার এ কার্যক্রম পরিচালনা করা হয়। রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা জানান, ফেরিতে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতামূলক এই নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ফেরি চলাচলের সময় কোনো যাত্রী যেন গাড়ির ভেতরে অবস্থান না করেন এবং ফেরি পুরোপুরি ঘাটে ভেড়ার আগে কেউ যেন ফেরি থেকে নামার চেষ্টা না করেন—এ বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে শুরু হওয়া এই সচেতনতামূলক কার্যক্রম ঈদের পরেও চলমান থাকবে। নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।





