চন্দ্রঘোনা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার, আদালতে প্রেরণ
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আলুমং মারমা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মামলার আসামি ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আলুমং মারমাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আটক আলুমং মারমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন গ্রেফতার এড়িয়ে পালিয়ে ছিলেন। তার বাড়ি চন্দ্রঘোনা থানাধীন ডলুছড়ি এলাকায়।চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে রোববার সকালে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





