
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কিন্নরী)-তে তথ্য অফিস, কাপ্তাই-এর আয়োজনে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম এবং কাপ্তাই উপজেলা তথ্য অফিসের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. এনামুল হক হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ মোঃ রাকিব জোবায়ের। প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবার গুলোকে সরাসরি আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। নারী প্রধান পরিবারগুলো মাসিক ভাতা ও টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। অন্যদিকে কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা কৃষিঋণ, ভর্তুকি, কৃষি উপকরণ ও ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. এনামুল হক হাজারী বলেন, বর্তমান সরকার জনকল্যাণ ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও কৃষকদের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একইসঙ্গে তিনি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতিও তুলে ধরা হয়। জানানো হয়, সারাদেশে উঠান বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র ও টিভিসি প্রদর্শন, সড়ক প্রচার এবং অনলাইন প্রচারণাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে, কাপ্তাই উপজেলা তথ্য অফিসের মাধ্যমে কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী উপজেলা গুলোতেও। কাপ্তাই উপজেলা তথ্য অফিসের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ জানানো হয়, গত তিন মাসে তিনটি উপজেলায় উঠান বৈঠক, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রেস ব্রিফিংয়ে কাপ্তাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।





