
রিয়াজ উদ্দিন আকাশঃ
রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল প্রজাতির মালায়ন নাইট হেরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা ‘টাইগার বিটার্ন’ নামেও পরিচিত—এমন একটি পাখি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে কাপ্তাই ইউনিয়নের ব্যঙছড়ি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান। বন বিভাগের অফিস সহকারী ওসমান গণি জানান, উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে পালিয়ে যায়। পরে পাখিটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়। রেঞ্জ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া পাখিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, দক্ষিণ ও পূর্ব এশিয়ার বনাঞ্চলে বিচরণকারী এই মাঝারি আকারের বক/হেরন প্রজাতির পাখিটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যেও দেখা মেলে। বিরল ও সংরক্ষণযোগ্য হওয়ায় প্রজাতিটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সুরক্ষিত।





