কাপ্তাইয়ে মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ জাল জব্দ জনসম্মুখে কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানে ১০০ মিটার কারেন্ট জাল এবং ১৫০ মিটার দৈর্ঘ্যের ২টি গাড়া জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালিত হয় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর ধারা ৫(ক) অনুযায়ী। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং থানা পুলিশের সদস্যরা। আইন অনুযায়ী জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে জব্দ হওয়া গাড়া জাল মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়েছে। মৎস্য কর্মকর্তারা জানান, কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।