তরুণদের উদ্ভাবনী শক্তিই স্মার্ট বাংলাদেশের চালিকাশক্তি: প্রতিমন্ত্রী মীর হেলাল

আহমদ বিলাল খান:

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাময় চিত্র ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি হয়ে উঠবে। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এবারের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা শুধু প্রযুক্তিনির্ভর উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকেনি; বরং জ্বালানি সংকট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর মতো বৈশ্বিক ও জাতীয় সমস্যার টেকসই সমাধান উপস্থাপন করেছে। এতে তাদের মেধা, সৃজনশীলতা এবং দেশপ্রেমের পরিচয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি আরও বলেন, প্রচলিত রোবট বা স্বয়ংক্রিয় প্রযুক্তি তৈরির বাইরে এসে শিক্ষার্থীরা এখন দেশীয় সমস্যার সমাধানে মনোযোগী হচ্ছে—যা একটি ইতিবাচক পরিবর্তন এবং ভবিষ্যৎ বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে মীর হেলাল বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও সরকারের দক্ষ ব্যবস্থাপনায় বাংলাদেশ এ খাত সফলভাবে সামাল দিচ্ছে এবং বড় ধরনের কোনো সংকট ছাড়াই এগিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। পরে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।একই অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকার অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিনও বিতরণ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।