দুর্নীতি প্রাতিষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ, আইনের বাইরে কোনো আপস নয়: প্রতিমন্ত্রী

আহমদ বিলাল খানঃ

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, আইনের বাইরে কোনো আপসের সুযোগ নেই এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজিত উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। কোনো কাজেই দীর্ঘসূত্রতা করা যাবে না এবং জনগণকে দ্রুত সেবা দিতে হবে। তিনি ভূমি সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে নতুন উদ্যোগ গ্রহণ ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে একটি আধুনিক একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের নেতিবাচক আপস গ্রহণযোগ্য নয়। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারো নেই। পাশাপাশি কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ‘লিগ্যাল প্রটেকশন’ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ভূমি সেবায় অনিয়ম প্রতিরোধে বহিরাগত অনলাইন অপারেটরদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফটোস্ট্যাট দোকানে অননুমোদিতভাবে ল্যাপটপ ব্যবহার করে সেবা প্রদান নিরুৎসাহিত করতে হবে। এ ধরনের সংবেদনশীল কাজ শুধুমাত্র প্রশিক্ষিত ও অনুমোদিত ব্যক্তিদের মাধ্যমেই সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ভূমি সেবা অনেকটাই ডিজিটাল ও স্বয়ংক্রিয় হয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা প্রতারণার শিকার না হন এবং সহজেই সেবা গ্রহণ করতে পারেন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান। উল্লেখ্য, ৫ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৭৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।