রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৮ মাদক কারবারি-সেবী গ্রেফতার

আহমদ বিলাল খান

রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে চালানো হয়। এ সময় মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— বেলাল হোসেন (৩০), সাব্বির (২৭), আরিফ (২৩), ওমর ফারুক (২৪), মেহেদী হাসান (৪০), হৃদয় (২০), ওসমান (২৬) ও আয়েছ (৩৩)। তারা সবাই রাঙামাটি কোতয়ালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১০৫ পিস ইয়াবা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।