
৩ হাজারের বেশি সদস্যের অভিযানে ভেঙে দেওয়া হলো ‘ইয়াসিন বাহিনী’র আধিপত্য; স্থাপন হচ্ছে নিরাপত্তা ক্যাম্প
মোহাম্মদ মাসুদঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা অবৈধ দখল ও অপরাধী চক্রের আধিপত্য ভেঙে দিয়ে সেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৫টা থেকে শুরু হওয়া বড় ধরনের সমন্বিত অভিযানের পর দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জঙ্গল সলিমপুর একটি বিশাল ও দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় সেখানে রাষ্ট্রীয় আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় অভিযান চালিয়ে সলিমপুরের বিভিন্ন প্রবেশপথ ও পাহাড়ি আস্তানাগুলো ঘিরে ফেলে। প্রশাসন সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় দীর্ঘদিন ধরে ‘ইয়াসিন বাহিনী’সহ বিভিন্ন অপরাধী চক্রের দখলদারিত্ব ছিল। যৌথ বাহিনীর অভিযানে এসব চক্রের নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাটিতে পুলিশ ও র্যাবের পৃথক দুটি নিরাপত্তা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এছাড়া প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমির ওপর গড়ে ওঠা অবৈধ বসতি, পাহাড় কাটা এবং অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, উদ্ধার হওয়া জঙ্গল সলিমপুর এলাকায় ভবিষ্যতে কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ ও ইকো পার্কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে অপরাধের দুর্গ হিসেবে পরিচিত এই এলাকায় প্রশাসনের সমন্বিত অভিযানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




