
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা–বাঙালহালিয়া সড়কের কারিগর পাড়া এলাকায় একটি পণ্যবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. আজিজুল ইসলাম (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের। নিহত চালক মো. আজিজুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৭-৭১৫৫) বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় পাহাড়ি উঁচু সড়কে ওঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক আজিজুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





