ভোট দিতে এসে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ: মানিকগঞ্জের মহাদেবপুরে হৃদয়বিদারক মৃত্যু

মোঃ আবদুল হক, হরিরামপুর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটের দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, মৃত বাবু মিয়া মহাদেবপুর এলাকার হামেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে নিজ পালার অপেক্ষায় ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন বাবু মিয়া। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ভোটাররা দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তার মৃত্যু হয়। এ ঘটনায় কেন্দ্রজুড়ে শোকের ছায়া নেমে আসে। ভোটারদের অনেকেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবু একটু আগেই ভোট দিতে আসছিল। চোখের সামনেই লোকটা চলে গেল, অথচ ভোটটা আর দেওয়া হলো না। স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, অনেক দিন পর এ নির্বাচন ঘিরে এলাকায় ঈদের আনন্দ বিরাজ করছিল। কিন্তু বাবু মিয়ার এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নির্বাচনের দিন এমন করুণ মৃত্যু মহাদেবপুর এলাকার মানুষের মনে গভীর বিষাদের ছাপ।