
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ (৭৩) ইন্তেকাল করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত কবির আহমদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিল (কেপিএম) আবাসিক এলাকায় আনা হলে সন্ধ্যা সাড়ে ৭টায় কেপিএম বড় মসজিদে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কর্ণফুলী পেপার মিল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাকে সালাম প্রদর্শন করেন। বীর মুক্তিযোদ্ধা কবির আহমদের জানাজায় কেপিএম কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কেপিএম এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ি এলাকার ২ নম্বর সেক্টরের অধীনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর লাল মুক্তিযোদ্ধা বার্তা নম্বর ০২০৯০২২৩০ এবং গেজেট নম্বর ৯১৯ (নোয়াখালী)। নিহত কবির আহমদ পিতা মরহুম আব্দুল করিম ও মাতা সুফিয়া খাতুনের সন্তান। তিনি কর্ণফুলী পেপার মিলে কর্মরত থাকার সুবাদে দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার কাপ্তাই থানাধীন কর্ণফুলী পেপার মিল (কেপিএম) আবাসিক এলাকার বারঘোনিয়া, ৬ নম্বর লাইন, ১ নম্বর কোয়ার্টারে পরিবারসহ বসবাস করে আসছিলেন। তাঁর স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট ডাকঘরের কুতুবপুর গ্রামে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন জমিদারহাটের কুতুবপুর গ্রামে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।





