উন্নয়ন প্রত্যাশায় ওয়াগ্গা–সাপছড়িতে দীপেন দেওয়ানের গণসংযোগ

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন জোরালো হচ্ছে। উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা–সাপছড়ি এলাকায় ব্যাপক গণসংযোগ, নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন অজিত কুমার তনচংগ্যা। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবীব মিলুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে অজিত কুমার তনচংগ্যা ওয়াগ্গা–সাপছড়ি এলাকার দীর্ঘদিনের বিভিন্ন অবকাঠামোগত ও ধর্মীয় উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে ধরেন। দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধবিহারের জন্য আবাসিক ভিক্ষু ভবন নির্মাণ, ভিক্ষুদের যাতায়াত ও কারাগা সুবিধা প্রদান, উপাসক-উপাসিকাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, আগুনিয়া ছড়াপাড়া বৌদ্ধবিহারের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন, ঢেঁকি কাটা ছড়াপাড়া সড়কের এক-চতুর্থাংশ কিলোমিটার ব্রিক সোলিং, সাতছড়ি উপর পাড়া থেকে সাপছড়ি মইন পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ এবং তম্বপাড়ায় একটি সেতু নির্মাণ। প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান সভাপতির উত্থাপিত সকল যৌক্তিক দাবি গুরুত্বসহকারে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, ধানের শীষ জনগণের প্রতীক। অ্যাডভোকেট দীপেন দেওয়ান নির্বাচিত হলে ওয়াগ্গা–সাপছড়িসহ কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়নে এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক চিরঞ্জিত তালুকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি দয়ারঞ্জন তনচংগ্যা, ইউনিয়ন যুবদলের সদস্য বাবুল তনচংগ্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অনন্ত তালুকদার, গুণোমোহন তনচংগ্যা, সুশীল চন্দ্র তালুকদার, আশীষ কুমার তনচংগ্যা এবং উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক পুণধন তনচংগ্যা প্রমুখ। এদিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি, মুরালী পাড়া, কুকিমারা, তম্বপাড়া, সাপছড়ি, কাপ্তাই সদর বড়ইছড়ি, কেপিএম গেইট, চন্দ্রঘোনা কেপিএম সিনেমা হল এলাকা ও কেপিএম কলাবাগানে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে তিনি রাইখালী ইউনিয়নের নারাণগিরি ও বড়খোলা পাড়ায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।