পজেটিভ কাপ্তাইয়ের মানবিক উদ্যোগ ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর দেবতাছড়ি এলাকার এক অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “পজেটিভ কাপ্তাই”। ক্যান্সার ও প্যারালাইসিসে আক্রান্ত পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ২৫শে মে সোমবার দুপুরে পজেটিভ কাপ্তাইয়ের উদ্যোগে সংগঠনের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা এবং উপদেষ্টা অংসাচিং মারমা ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সাবেক ব্যাংকার এ্যানি মং মারমা, ধনা তঞ্চঙ্গ্যাসহ ইতিস তঞ্চঙ্গ্যার পরিবারের সদস্যরা। অসহায় পরিবারটির কর্তা ইতিস তঞ্চঙ্গ্যা জানান, তার বাবা অনিল তঞ্চঙ্গ্যা (৬৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং বর্তমানে কিছুটা সুস্থ র দিকে। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এর মধ্যেই নতুন করে বিপর্যয় নেমে আসে পরিবারটিতে। ইতিস তঞ্চঙ্গ্যার স্ত্রী সান্তনা তঞ্চঙ্গ্যা (৪৩) হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ সদস্যের চিকিৎসা, ওষুধ ও সংসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। পজেটিভ কাপ্তাইয়ের সভাপতি সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে পরিবারটি হয়তো নতুন করে বাঁচার আশা পাবে। পজেটিভ কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মারমা বলেন, এই পরিবারটি বর্তমানে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। আমরা চাই সমাজের সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিক। বর্তমানে পরিবারটির চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন খরচ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা কামনা করেছেন পরিবারটির সদস্যরা। সহযোগিতার জন্য যোগাযোগঃ 📞 মোবাইল: 01883-416662 📲 নগদ: 01334-680659

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।