রাঙ্গামাটি শহরে নববর্ষের রঙিন উৎসব

আহমদ বিলাল খান:

নানা বর্ণ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায় রাঙ্গামাটি শহর আজ পরিণত হয় উৎসবের নগরীতে। বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে, যা পুরো এলাকায় সৃষ্টি করে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশ।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। ঢাক-ঢোল, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও নানা রঙের প্ল্যাকার্ডে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার চিত্র ফুটে ওঠে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, নববর্ষ শুধু উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে রাঙ্গামাটি শহরে বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ, যা নববর্ষকে করে তোলে সত্যিকার অর্থেই সম্প্রীতি ও ঐতিহ্যের এক মহামিলনমেলা।