
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্ণফুলী মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় শুরু হওয়া অনুষ্ঠানে মার্চপাস্ট, শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে পুলিশ, আনসার, নৌ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কর্ণফুলী মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে। এ সময় উপস্থিত ছিলেন দিলদার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই থানার ওসি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ। দিবসটি উপলক্ষে সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, সাংবাদিক, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।





