
সিএমপি পতেঙ্গা থানার অভিযানে কাভার্ডভ্যানসহ উদ্ধার ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা
মোহাম্মদ মাসুদঃ
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার অভিযানে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানার বাজার মূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গতশনিবার (১৬ মে) সিএমপির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে আত্মসাৎকৃত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ মে মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মোঃ রাশেদ (২৯)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ইমাম আলী ওরফে ইমন (২১) এবং গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে মোঃ আশরাফ আলী সিকদার (৫০)-কে আটক করা হয়। মামলার সূত্রে জানা যায়, প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা চট্টগ্রামের একটি ডিপো থেকে নির্ধারিত ফ্যাক্টরিতে নেওয়ার জন্য ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। চালক মোঃ রাশেদের কাছে মালামালের চালান বুঝিয়ে দেওয়া হলেও তিনি নির্ধারিত গন্তব্যে পৌঁছে না দিয়ে সহযোগীদের সহায়তায় মালামাল আত্মসাৎ করেন। এ ঘটনায় ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ওবাইদুল হক খসরু পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিশেষ টিম গঠন করে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্যসহ একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আত্মসাৎ হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।





