
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল-এর নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার (১২ মে) সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় হাসপাতাল চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এসময় নার্সরা স্বকীয় পোশাকে সজ্জিত হয়ে ঢাক-ঢোল, বাঁশির সুর এবং ব্যানার-পেস্টুন নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। র্যালিটি হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে হাসপাতালের নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, চিকিৎসক এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।র্যালির উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। তিনি বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এই হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে নার্সরা সুনামের সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, মানবসেবার মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকারই হোক আন্তর্জাতিক নার্স দিবসের মূল শিক্ষা।





