কাপ্তাইয়ে ৫,৮৭১ শিশুকে হাম–রুবেলা টিকা: ১১ দিনব্যাপী এমআর ক্যাম্পেইনের উদ্বোধন

ঝুলন দত্ত কাপ্তাই রাঙ্গামাটিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী ইমারজেন্সি এমআর (হাম–রুবেলা) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইলা অং মারামা, মেডিকেল অফিসার, নার্স এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
ডা. রুইলা অং মারামা জানান, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫,৮৭১ জন শিশুকে হাম–রুবেলা টিকা প্রদান করা হবে। প্রথম ৮ দিন পাড়া-মহল্লা ও কমিউনিটি পর্যায়ে এবং শেষ ৩ দিন বিভিন্ন বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনই টিকাদান বুথ সার্বক্ষণিক খোলা থাকবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময় ও তারিখে টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।