কাপ্তাইয়ের বড়ইছড়ি পাড়ায় কবিরাজ প্রয়াত মংলু মারমা র পরিবারের আয়োজনে দুই দিনব্যাপী বৌদ্ধ পুণ্যানুষ্ঠান ও ধর্মসভা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি পাড়ায় অবস্থিত বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ২৯–৩০ মার্চ (রবিবার ও সোমবার) দুই দিনব্যাপী অষ্টপরিষ্কারসহ সংঘদান, চীবর দান, কল্পতরু দান, পিণ্ডদান এবং ধর্মানুসন্ধানমূলক নানা দানের মধ্য দিয়ে এক মহতি পুণ্যানুষ্ঠান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মসভায় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পূজনীয় ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, অধ্যক্ষ, চিংম্রং বৌদ্ধ বিহার। এ ছাড়া কাপ্তাইয়ের বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও ভিক্ষুসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষুসংঘ ও সম্মানিত পুণ্যার্থীদের বিনম্র বন্দনা ও যথাযোগ্য অভিবাদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ভাবগাম্ভীর্যের সঙ্গে অষ্টশুদ্ধিকরণ, সংঘের নিবেদন, চীবরের নিবেদন, কল্পতরুর নিবেদন, পিণ্ডের নিবেদনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়। এতে কয়েক হাজার বৌদ্ধ ধর্মালম্বী অংশ নেন। এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করেন বড়ইছড়ি পাড়ার প্রয়াত সমাজসেবক কবিরাজ মংলু মারমার পরিবারের সদস্যরা। আয়োজনে নেতৃত্ব দেন তাঁর ধর্মপুত্র ভদন্ত সনাসীরি মহাথের। সঙ্গে ছিলেন কন্যা-জামাতা, পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনিসহ স্বজনরা।
পরিবারের পক্ষ থেকে বড় ছেলে অংথোয়াইচিং মারমা ও বড় জামাতা টি মং মারমা জানান, তাদের বাবা মংলু মারমার আজ ৫ম মৃত্যু বার্ষিকী বাবার মৃত্যুর দেড় বছর পর মা ম্রাজুপ্রু মারমা পরলোকগমন করেন। তাদের উভয়ের পরম কল্যাণ কামনায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে এই দান ও ধর্মসভা আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় শুদ্ধতা, শোকের স্মরণ এবং দানের মহিমা একত্রে প্রতিফলিত হয়েছে বলে উপস্থিত পুণ্যার্থীরা মত প্রকাশ করেন।