চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কে দুর্ঘটনায় প্রকৌশলী উক্যসিং মারমা নিহত

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির চন্দ্রঘোনা–বাঙ্গালহালিয়া সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের সিলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ। পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালীগামী একটি মোটরসাইকেল (চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলেই কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন। নিহত উক্যসিং মারমা ওই এলাকার বন্দর-এর অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, উক্যসিং মারমার বিদেশে গিয়ে ভালো একটি চাকরি করার স্বপ্ন ছিল। ওসি আরও জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।