বাংলা চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন লংগদুর হাফিজুর রহমান, রাঙ্গামাটি সরকারি কলেজে সংবর্ধনা

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ

টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দিয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন লংগদু উপজেলার কৃতী সন্তান হাফিজুর রহমান। সকাল সাড়ে ৯টায় শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে ‘বাংলা চ্যানেল সাঁতার ২০২৬’ প্রতিযোগিতা শুরু হয়। প্রথমবার অংশগ্রহণ করেই হাফিজুর রহমান ৫ ঘণ্টা ৫ মিনিটে সাঁতার শেষ করে চতুর্থ স্থান অর্জন করেন, যা লংগদু উপজেলার জন্য গর্বের বিষয়। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘বাংলা চ্যানেল সাঁতার ২০২৬’ আয়োজন করে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি। এ বছর প্রতিযোগিতায় অংশ নিতে ৩৭ জন সাঁতারু নিবন্ধন করেন, যার মধ্যে ৩৫ জন প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে ২ নারীসহ মোট ২০ জন সফলভাবে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হন। প্রবল স্রোতের কারণে ১৫ জন সাঁতারু শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। হাফিজুর রহমান রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর এই সাফল্যে আনন্দিত হয়ে কলেজ প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষকরা ভবিষ্যতে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফিজুর রহমানের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, লংগদু উপজেলা থেকে সাহসিকতার সঙ্গে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া দু’জনের মধ্যে হাফিজুর রহমান অন্যতম। প্রথমবার অংশগ্রহণ করেই চতুর্থ স্থান অর্জন করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী সালাহ্ উদ্দিন ইতোমধ্যে তিনবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।