কাপ্তাই প্রতিনিধিঃ
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহসভাপতি মো. আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, যুগ্ম আহবায়ক সুমন মারমা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিক, ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল এবং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জনগণকে সচেতন করা প্রয়োজন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা কাপ্তাই উপজেলা সদরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিগত সরকারের সময়ে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।
কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.