রিয়াজ উদ্দিন আকাশ, কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক সংগঠন কাপ্তাই সুরের ধারা আয়োজিত শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ জুন) কাপ্তাইয়ের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধ্রুব পরিষদ বাংলাদেশ-এর অধীনে স্বীকৃত কেন্দ্র হিসেবে প্রথমবারের মতো কাপ্তাই সুরের ধারার উদ্যোগে সঙ্গীত বিষয়ক মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই সুরের ধারা সভাপতি প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ধ্রুব পরিষদ বাংলাদেশ-এর পরীক্ষক ডা. উজ্জ্বল চক্রবর্তী, সঙ্গীত প্রশিক্ষক তপন কান্তি দাশ, প্রকৌশলী রিমন সাহা, আবৃত্তি প্রশিক্ষক অদিতি সাহা, সংগঠনের যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, সাংগঠনিক সম্পাদক স্বপ্না মারমা, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা ও সহ-অর্থ সম্পাদক সুমনা তঞ্চঙ্গ্যা প্রমুখ। পরীক্ষায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলা বিভাগে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথমবারের মতো এ ধরনের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, সাংস্কৃতিক চর্চার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ ধরনের মূল্যায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.