কাপ্তাইয়ে ইউএনও রুহুল আমিনকে বিদায় সংবর্ধনা

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

১১ মে (সোমবার) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তন হলরুমে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সম্মিলিত বিদায় উদযাপন কমিটির আহ্বায়ক ও ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং নুর মোহাম্মদ বাবু ও সাংবাদিক ঝুলন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত বিদায় উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই বিএফআইডিসির সহকারী মহাব্যবস্থাপক, তীর্থ জিৎ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমতউল্লাহ, কাপ্তাই বিএনপির সভাপতি লোকমান আহম্মদ, জামায়াতে ইসলামী কাপ্তাইয়ের আমীর হারুনুর রশিদ, খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক, ডা.প্রবীর খেয়াং, এবং মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা। এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক ঝুলন দত্ত, খ্রিস্টিয়ান হাসপাতালের ম্যানেজার বিজয় মারমা,
শিক্ষক জাহাঙ্গীর আলম, জয়সীম বড়ুয়া এবং হেডম্যান থোয়াই অং মারমা। বক্তারা ইউএনও রুহুল আমিনের দায়িত্বকালীন কর্মতৎপরতা, জনবান্ধব উদ্যোগ ও প্রশাসনিক দক্ষতার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, হেডম্যান, উপজেলার কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের কাপ্তাইবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি একপর্যায়ে গণসংবর্ধনায় রূপ নেয়। বিদায়ী বক্তব্যে রুহুল আমিন বলেন, কাপ্তাইয়ে দায়িত্ব পালনকালে তিনি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করাই ছিল তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, কাপ্তাই তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এখানকার মানুষের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা তাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও দেশের যেখানেই দায়িত্ব পালন করবেন, কাপ্তাইয়ের মানুষের এই ভালোবাসা তাকে প্রেরণা জোগাবে। অনুষ্ঠান শেষে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয়।