রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা গ্রামের এক দরিদ্র মারমা পরিবারের ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জন্মের পর থেকেই জটিল হৃদরোগে আক্রান্ত এই শিশুটিকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন। কিন্তু প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা ব্যয় বহন করা তার অসহায় পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে মেশিংওয়াং মারমা। তার বাবা থুইসাচিং মারমা ও মা চিংওয়াংউ মারমা। জন্মের পর থেকেই শিশুটির শারীরিক জটিলতা দেখা দিলে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌসের অধীনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তখনই তার হৃদরোগ ধরা পড়ে এবং দ্রুত অপারেশনের জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে পুনরায় পরীক্ষা করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ২২ জানুয়ারি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. তারিকুল ইসলামের তত্ত্বাবধানে তাকে দেখানো হয়। চিকিৎসকদের মতে, শিশুটির হার্টে দ্রুত অপারেশন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্রসহ মোট প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবা থুইসাচিং মারমার পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের জীবন বাঁচাতে তিনি এখন সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছেন। অসহায় বাবা থুইসাচিং মারমা বলেন, আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। যা ছিল সব দিয়ে এতদিন চিকিৎসা করেছি। এখন অপারেশনের টাকা জোগাড় করতে পারছি না। সমাজের সহানুভূতিশীল মানুষের সাহায্যই পারে আমার সন্তানকে বাঁচাতে। একটি নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তা কামনা করেছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ: 01811010997 যোগাযোগ: থুইসাচিং মারমা (শিশুটির বাবা) গ্রাম: কুকিমারা, ইউনিয়ন: ওয়াগ্গা, উপজেলা: কাপ্তাই, জেলা: রাঙ্গামাটি। একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাই হতে পারে তার আগামীর সুন্দর ভবিষ্যতের আশা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.