কাপ্তাইয়ে রিলিফের চাল ও এডিবি প্রকল্পে অনিয়মের অভিযোগে ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলায় রিলিফের ৫ টন চাল বিতরণে অনিয়ম এবং এডিবি’র ৮০ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্পে কাজ সুষম বণ্টন না হওয়ার অভিযোগে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর নেতাকর্মীরা। সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাপ্তাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা প্রশাসন দপ্তর প্রাঙ্গনে জড়ো হয়ে অনিয়ম–দুর্নীতির প্রতিবাদে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু। বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাছান চৌধুরী রক্সি, যুগ্ম আহ্বায়ক সুমন মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাহাদাত হোসেন এবং কর্ণফুলী ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশসহ অন্য নেতারা। বক্তারা অভিযোগ করেন, একটি চক্র দলের নাম ব্যবহার করে সরকারি রিলিফের চাল বিতরণ এবং এডিবি অর্থায়নের উন্নয়নকাজে ভাগ–বাটোয়ারার মাধ্যমে বৈষম্য তৈরি করছে, যা স্থানীয় রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তারা রিলিফ বিতরণ ও প্রকল্প বাস্তবায়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনিয়ম ও বৈষম্যের মাধ্যমে কাপ্তাইয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।